স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এক সাধারণ সমস্যা—চাইতে চাইলে শতভাগ চার্জ থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে ব্যাটারি হাফে নেমে আসে। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে বড় কারণ হলো ভুল চার্জিং অভ্যাস।
টেক বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় জীবনকাল প্রায় ৫০০ চার্জিং সাইকেল, যা সাধারণত দেড় বছরের কাছাকাছি। একবার শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ দেওয়াকেই একটি পূর্ণ চার্জিং সাইকেল ধরা হয়। সাইকেল যত দ্রুত শেষ হবে, ব্যাটারির ক্ষমতা তত কমে যাবে।
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ২০–৮০ শতাংশ নিয়ম মেনে চার্জ দেওয়ার। অর্থাৎ ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামতে দেবেন না এবং নিয়মিত ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেবেন না। সাধারণত ৮০–৮৫ শতাংশে চার্জ থামালেই ব্যাটারির ওপর চাপ কম পড়ে এবং আয়ু বাড়ে।