ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে সাবেক বিএনপি নেতা মাহবুবুর রহমানের এক চাঞ্চল্যকর মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।
বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী এলাকায় আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে দাবি করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ‘সমঝোতা’ বা ‘কমিটমেন্ট’ রয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোট দিতে গিয়ে আবার যদি বিএনপিকে ভোট না দেন, জামায়াতকে ভোট দেন—তাহলে অতীতের শত্রুতা আরও তীব্র হবে। আমাদের আওয়ামী লীগের সঙ্গে কমিটমেন্ট আছে। আমরা কোনো ঝামেলা করব না, ঝামেলা হবে না। এজন্য একসঙ্গে ভোট দিতে হবে।”
এক পর্যায়ে মাহবুবুর রহমান সংখ্যালঘু ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আমরা আওয়ামী লীগ ভাইদের সঙ্গে আছি। হিন্দু ভাইদের সঙ্গে আছি। হিন্দু ভাইদের জন্য বড় রকমের সহযোগিতা দেব।” বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্য মূলত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বী ভোটারদের মনোযোগ আকর্ষণ করতেই দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে দলের সাধারণ কর্মী ও সমর্থকরা মন্তব্যটিকে ‘গোপন সমঝোতা’ হিসেবে দেখায়, যা নির্বাচনী বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলের একটি অংশ এ বিষয়কে ‘নির্বাচনী কৌশল’ হিসেবে দেখানোর চেষ্টা করলেও স্থানীয় ভোটারদের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের দিলীপ রায় বলেন, “ভোটের আগে যত মধুর বচন, ভোট শেষ হলেই সব শেষ। জানি না তখন কী হবে আমাদের ভাগ্যে।”
মাহবুবুর রহমানের সঙ্গে মন্তব্যের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।