আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশে আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকে নিজের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের কাছে শেষবারের মতো সুযোগ চান।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লেখেন,
“জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন—যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো সত্যি করে যেতে পারি।”
তার এই আবেগঘন বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ আকুতি হিসেবে দেখছেন।
নিজেকে ‘আপনাদের সেবক’ হিসেবে উপস্থাপন করে মির্জা ফখরুল ভোটারদের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন। বিশ্লেষকদের মতে, ধানের শীষ প্রতীকের প্রার্থীর এই আবেদন নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অবিচ্ছেদ্য নাম। তার এই আবেগঘন বার্তার পর নির্বাচনি মাঠের সমীকরণ কোন দিকে যায়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।