রোববার ভোরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
এনসিএসের তথ্যমতে, ভূমিকম্পটির অবস্থান ছিল অক্ষাংশ ২৪ দশমিক ৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২ দশমিক ০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়ে।
এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলক্যানো ডিসকাভারিও জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।