আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালটের বড় একটি অংশ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো মোট ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট দেশে এসে পৌঁছেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ বেলা ১১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন প্রবাসী।
এ ছাড়া ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী ভোটার তাঁদের পূরণ করা ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সারা দেশের ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।