• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে কুখ্যাত নবী হোসেনের অবৈধ ঘর উচ্ছেদ, সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান

শাকুর মাহমুদ চৌধুরী।।উখিয়া (কক্সবাজার) জেলা প্রতিনিধি : / ৬৬ পাঠক
আপডেট শনিবার, ১৯ জুলাই, ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮ ইস্টে কুখ্যাত সন্ত্রাসী নবী হোসেনের অবৈধভাবে নির্মিত একটি সেমি-পাকা স্থায়ী ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকে অবস্থিত নবী হোসেনের ঘরটি উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান। সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘরের একপাশের কংক্রিটের দেয়াল ও ভেতরের তাক ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম ধাপে উচ্ছেদ কার্যক্রম বিকেলে শেষ হলেও ঘরটি পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নবী হোসেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রধারণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। তার গঠিত সন্ত্রাসী গ্রুপ ক্যাম্পবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্কের সৃষ্টি করেছিল বলে স্থানীয় প্রশাসনের দাবি।

অভিযান সম্পর্কে ক্যাম্প ইনচার্জ গাজী শরিফুল হাসান বলেন, নবী হোসেন ক্যাম্পে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পরিচালনা করে আসছিল। তার অবৈধ প্রভাব প্রতিহত করে ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে ঘরটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্যক্রম চলমান থাকবে।

এর আগে গত ১৩ জুলাই ক্যাম্প-১১ এলাকায় সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ অভিযানে নবী হোসেনের চার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা নগদ অর্থ ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (ইউজিআই সাব-মেশিনগান) উদ্ধার করা হয়।

প্রশাসন জানিয়েছে, ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক তৎপরতা নির্মূলে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও