নিজস্ব প্রতিবেদক :
বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রিচিতা খন্দকার রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৪ জুন) রাতে রিচিতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১২ জুন টেক জায়ান্ট গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইন্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার অফার পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী এ শিক্ষার্থী।
বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, রিচিতার বাসা দিনাজপুরের সদর উপজেলার কালিতলা গ্রামে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
ছোটবেলা থেকেই বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করায় তার আগ্রহ ছিল। কোডিং বা প্রোগ্রামিং নিয়েও আগ্রহের জায়গা ছিল তার।
গুগলে চাকরির অফার পাওয়ার প্রতিক্রিয়ায় রিচিতা বলেন, অনুভূতি আসলে ভালো। ডেফিনেটলি একটু ভাবতেছিলাম বিষয়টি নিয়ে। ফাইনালি এটা হয়ে গেলো। সত্যিই ভালো লাগতেছে। নিউজটা পাওয়ার পর এত্ত মানুষ অভিনন্দন জানিয়েছে, কি বলবো! আমি আসলে অনেক খুশি।
চাকরিতে যোগদানের তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ১৮ আগষ্টে জয়েনের কথা বলেছে। তবে, কাগজপত্রের ব্যাপার তো একটু সময়সাপেক্ষ ব্যাপার। সেজন্য একটু পেছাতেও পারে জয়েনিং ডেট।
অনলাইন ডেস্ক / বার্তা বিভাগ।