নিজস্ব প্রতিনিধি:
জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করবেন তিনি। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন দলের যাত্রা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের জন্য যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তাতে কোনো পদ উল্লেখ না করে তিন জনের নাম উল্লেখ রয়েছে। ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরও দুটি নাম হচ্ছে- সাবেক মন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এ দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন।