অনলাইন ডেস্ক ।। বাংলাপত্রিকা . কম
আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীরা দেশটির কুখ্যাত সায়দনায়া কারাগারের তালা খুলে দেয়। ভূগর্ভস্থ সায়দনায়া কারাগার থেকে বেঁচে ফিরেছে লক্ষাধিক মানুষ। সায়দনায়া কারাগারে এক লাখ ৩৬ হাজার ৬১৪ জনের বেশি কারাবন্দিকে রাখা হয়েছিল। যাদের বিদ্রোহীরা মুক্ত করে দিয়েছেন।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, উদ্ধারকারী দল সায়াদনায়া কারাগারে তল্লাশি চালিয়ে ১৫ জন বেসামরিক নাগরিকের মৃতদেহ পেয়েছে। নিষ্ঠুর নির্যাতনের পর তাদের মৃত্যু হয়েছে বলে আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক এই পর্যবেক্ষণ গ্রুপটি বলছে, ২০২৪ সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারে ৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর নথিভুক্ত করেছে তারা। নির্যাতন এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে তাদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনটি যখন সামনে এসেছে, তখন সিরিয়ানরা তাদের নিখোঁজ প্রিয়জনের সন্ধানে কারাগারটিতে ভিড় করেন। এর আগে সায়াদনায়ায় বিখ্যাত সিরিয়ান অ্যাক্টিভিস্ট মাজেন আল-হামাদার লাশ পাওয়া গেছে বলে তার পরিবার বলেছিল।
সিরিয়ার কারাগারগুলো আল-আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। ২০১৩ সালে কারাগারের কিছু ছবি প্রকাশ করে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সিরিয়ার কারাগারে আটকদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে। তাদের মারধর করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে না; যা মানবাধিকারের লঙ্ঘন।
লিয়াকত লিখন/বার্তা বিভাগ